নোয়াখালীর ‘দুর্গ’ ফেরাতে মরিয়া বিএনপি, ভাগ চায় জামায়াত-এনসিপি
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেও বিএনপি জেলার ছয়টি আসনের সবকটিতেই জয় পেয়েছিল।
উপকূলীয় জেলা নোয়াখালী এক সময় বিএনপির ‘দুর্গ’ হিসেবে খ্যাত ছিল, যা এবার ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে দলটি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী আর আওয়ামী লীগ নয়, বরং এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী ও তাদের জোটের সঙ্গে বিএনপির দুর্গ ফিরে পাওয়ার এই লড়াই।
আগের নির্বাচনগুলোর ফলাফল বলছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেও জেলার ছয়টি আসনের সবকটিতেই বিএনপি জয় পেয়েছিল। সেই দুর্গে ধস নামে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে। তারপরে পুরোটাই চলে যায় আওয়ামী লীগের হাতে।
গত ১৭ বছরে হামলা-মামলা, হয়রানি-নির্যাতনে দুর্বল হয়ে যায় দলটি, যারা জেলা সদর থেকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। এখানে নির্বাচনি লড়াইয়ে নামা বিএনপির কোনো কোনো প্রার্থী জাতীয় পর্যায়ে ‘হেভিওয়েট’ হিসেবেও পরিচিত।
৫ অগাস্ট পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি আবার মাঠে নামে। গত দেড় বছর বিএনপি নেতারা এলাকায় সময় দিয়েছেন। সংগঠনকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করেছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আগে থেকেই ভিত্তি ছিল; এখন সেটা অনেক শক্তিশালী হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও কোথাও কোথাও ভোটের মাঠ জমিয়ে ফেলেছেন।
ফলে ছয়টি আসনের মধ্যে অন্তত দুটিতে জামায়াতে ইসলামী এবং এনসিপি ভাগ বসাতে পারে বলে সাধারণ ভোটাররা ধারণা করছেন। অন্তত দুটি আসনে তো প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে বিএনপিকে।
বিএনপির আসন হারানোর আশঙ্কার বিপরীতে জামায়াত ও এনসিপি জোট এই জেলায় নতুন আশা দেখছে।
স্থানীয়ভাবে যারা ভোটের রাজনীতি পর্যবেক্ষণ করছেন তাদের ধারণা, নোয়াখালী-২ ও নোয়াখালী-৬ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ধানের শীষের প্রার্থীকে চাপে ফেলে দিয়েছেন।
নোয়াখালী-৬ ও নোয়াখালী-৫ আসনে জামায়াত ও এনসিপি বিএনপির প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই তিনটি আসনে যেকোনো কিছুই ঘটতে পারে।
‘খোকন একটু সুবিধায় আছেন’
চাটখিল-সোনাইমুড়ি আংশিক উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনে এবার বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে জামায়াত ইসলামীর প্রার্থী দলটির জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সাইফ উল্লাহ।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জহিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে অধ্যাপক রেহানা জিলানীসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাটখিল উপজেলার বাসিন্দা সাংবাদিক কামরুল কানন বলছিলেন, এই আসনে এবারের নির্বাচনে বিএনপির অন্যান্যবারের মত মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই। এখানে ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজেদের সাংগঠনিক শক্তি রয়েছে।
তিনি বলেন, তবে কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে এখানে আওয়ামী লীগ ছিল, সেই ভোট কোথায় যাবে, সেটাই দেখার বিষয়। হয়ত তিন পক্ষই সেই ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করবে।
অতীত নির্বাচনের তথ্য বলছে, এ আসনে ১৯৯১ সালে এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সালাউদ্দিন কামরান, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে ও ২০০১ সালের নির্বাচনে মাহাবুবুর রহমান এবং ২০০৮ সালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন।
পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এখানে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম।
উত্তরে লক্ষ্মীপুর জেলা এবং কুমিল্লা জেলার সীমান্ত এলাকার পাশ্ববর্তী এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৫২৫। ভোটকেন্দ্র ১৪১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬টি।
বিএনপির ‘ডবল হ্যাট্রিকের’ পথে যে বাধা
সেনবাগ-সোনাইমুড়ি আংশিক উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-২ আসনটি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। এ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এখানে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মোরশেদ আলম।
এবারও এখানে ধানের শীষ পেয়েছেন জয়নুল আবদিন ফারুক। তিনি দীর্ঘদিন পর নিজের আসনে কিছুটা বেকায়দায় পড়েছেন। কারণ, একই দলের কাজী মফিজুর রহমান এখানে ‘বিদ্রোহ’ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সেটা হয়ত বিএনপি-বিরোধী পক্ষকে কিছুটা সুবিধা দেবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
তফসিল ঘোষণার পর আসনটিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির সাইয়্যেদ আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরে এখানে ১১ দলীয় জোট থেকে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে প্রার্থী হন। জোটের স্বার্থে জামায়াত নেতা সাইয়্যেদ আহমদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এখানে ত্রিমুখী লড়াই হতে পারে। বিএনপির বিভক্তি থেকে লাভ তুলে নিতে চাইবে এনসিপি। তা যেন না হয় সে জন্য দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের নির্বাচনে ‘ডবল হ্যাট্রিক’ করার জন্য দিনরাত এক করে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জয়নুল আবদিন ফারুক।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ০৮১ জন। ভোটকেন্দ্র ১১১টি; এরমধ্যে ঝুঁকিপূর্ণ ২২টি।
‘ভোট ব্যাংকে’ ভর বুলুর
বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৩ এই আসনে এবারও ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। এখানে বিএনপি ও বুলুর নিজস্ব ‘ভোট ব্যাংক’ আছে।
আগের প্রতিটি নির্বাচনে বুলুর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু চব্বিশের ৫ অগাস্ট পরিবর্তিত পরিস্থিতিতে বুলুকে এবার মোকাবিলা করতে হবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিনকে। জামায়াতের এখানে নিজস্ব ভোট রয়েছে।
এখানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়াও লড়ছেন। আসনটিতে জাসদের একসময় বেশ প্রভাব ছিল। ১৯৮৬ এবং ১৯৮৮ সালে জাসদের মোস্তাফিজুর রহমান টানা দুইবার সংসদ সদস্য ছিলেন।
একই সময় প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে জাসদের ফখরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন জাসদের চেয়ারম্যান ছিলেন। যার কারণে এবার আওয়ামী লীগ না থাকায় জেএসডি প্রার্থী সিরাজ মিয়া পুরনো জাসদ, জেএসডি, আওয়ামী লীগ এবং সাধারণ ভোটারদের পক্ষে টেনে ভালো ফলাফলের আশায় প্রচার চালিয়ে যাচ্ছেন।
অতীত ভোটের ইতিহাস বলছে, আসনটি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলে ছিল। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ কিরণ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৭৫১ জন। মোট ভোটকেন্দ্র ১৬৬টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১৯টি।
বিএনপি জোটেরও প্রার্থী আছে
সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে নোয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। টানা ১৬ বছর এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন একরামুল করিম চৌধুরী।
শাহজাহানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির ইসহাক খন্দকার।
এখানে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য আব্দুজ জাহেরও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তরুণ ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছেন।
স্থানীয় ভোটাররা বলছেন, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যেই। আর শাহজাহানের ব্যক্তিগত ‘ইমেজের’ কারণে হয়ত ভোটের মাঠে কিছুটা বাড়তি সুবিধা পাবেন।
এই আসনে মোট ভোটার ৭ লাখ ৩৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১৯৮টি, এরমধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি।
জামায়াতের চ্যালেঞ্জের মুখে বিএনপি
কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদরের অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন নিয়ে নোয়াখালী-৫ আসনটিকে ‘ভিআইপি আসন’ বলা যেতে পারে। এখান থেকে বিএনপি ও জাতীয় পার্টির টিকেটে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বার বার নির্বাচিত হয়েছেন। আবার এটি ছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও আসন।
এবার বিএনপি থেকে এখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। আর জামায়াত থেকে দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলায়েত হোসাইন।
আসনটিতে জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জাতীয় পার্টির খাজা তানভীর আহম্মদসহ মোট ১৩ প্রার্থী, কিন্তু বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।
তারা বলছেন, জামায়াত এখানে সাংগঠনিকভাবে শক্তিশালী, তাদের ‘ভোট ব্যাংক’ আছে।
অন্যদিকে জেএসডি প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী নিজ দলের পাশাপাশি, আওয়ামী লীগ ও সাধারণ ভোটারেদের পক্ষে টানতে কাজ করে যাচ্ছেন।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন। ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৭টি।
সবচেয়ে জমজমাট মাঠ
হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনটি একইসঙ্গে জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন এবং এখানে ভোটের মাঠ বেশ জমজমাট। জেলাজুড়ে এই আসনটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ, এখানে বিএনপির শক্তিশালী দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অপরদিকে এনসিপিরও দাপট রয়েছে এখানে।
এই আসনে ধানের শীষ প্রতীকে নতুন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
আবার বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব। দুজনের ভাবমূর্তির কারণে তাদের ভোট রয়েছে। ফলে বিএনপির প্রার্থীর জন্য ব্যাপক ‘ঝুঁকিপূর্ণ’ রয়েছে বলে মনে করছে দলের নেতাকর্মীদের একটি অংশ।
এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির শাহ মাহফুজুল হক মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে শরিক দল এনসিপিকে আসনটি ছেড়ে দেওয়া হয়। এখন এখানে জোটের পক্ষে এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ শাপলা কলি নিয়ে ভোট করছেন। তিনি নিজেও এলাকায় ভাল সাড়া ফেলেছেন।
বিএনপির বিভক্তি এবং জামায়াত এনসিপির অটুট শক্তি ও প্রচার এখানে ধানের শীষের প্রার্থীকে ব্যাপকভাবে চাপে ফেলে দিয়েছে বলেই মনে করছেন সাধারণ ভোটাররা।
অতীত নির্বাচনের ফল বলছে, এখানে ১৯৯১ সালে আওয়ামী লীগ থেকে ওয়ালি উল্যাহ, ১৯৯৬ সালে বিএনপি থেকে দুইবারই ফজলুল আজিম, ২০০১ স্বতন্ত্র থেকে মোহাম্মদ আলী, ২০০৮ সালে স্বতন্ত্র থেকে ফজলুল আজিম নির্বাচিত হন।
পরবর্তীতে এ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। ২০১৪ সাল থেকে ২০১৮ আওয়ামী লীগ থেকে আয়েশা ফেরদাউস নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে আয়েশা ফেরদাউসের স্বামী মোহাম্মদ আলী নির্বাচিত হন।
নেতারা যা বলছেন
জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, “নোয়াখালীকে এক সময় বিএনপির ঘাঁটি বলা হত। এখনও ছয়টি আসনই ঘাঁটি হিসেবে রয়েছে। ১৭ বছর আওয়ামী লীগের ‘আমি- ডামি’ মার্কা একতরফা ভোটের কারণে জোরপূর্বক তারা আসনগুলো দখলে নিয়েছিল। সুষ্ঠু ভোট হলে সব আসনে আবার বিএনপিই ফিরবে।”
জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ বলেন, “তারেক রহমান দেশে ফেরার পর দলের সব পর্যায়ের নেতাকর্মী-সমর্থক উচ্ছ্বসিত, উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ। তাদের মাঝে এখন কোনো ভেদাভেদ ও বিরোধ নেই। সবাই ধানের শীষের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।”
৩০ জানুয়ারি নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনের বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, “জেলার অন্তত চারটি আসনে আমাদের প্রার্থী জয়ী হবেন বলে প্রত্যাশা করছি। এর মধ্যে রয়েছে নোয়াখালী-২, নোয়াখালী-৩, নোয়াখালী-৪ ও নোয়াখালী-৬ আসন।”
ভোট তথ্য
চার হাজার ২০২ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের উপকূলীয় এ জেলায় ছয়টি সংসদীয় আসনের মোট ভোটা সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮, নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৫ জন।
