সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি জানান।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।
সুনামগঞ্জ-দিরাই সড়কে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান।
নিহতরা হলেন- দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং একই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার বছর বয়সি মেয়ে হুমায়রা বেগম।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জগামী লেগুনার সঙ্গে দিরাইগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী প্রদ্যুৎ মারা যান। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রা মারা যায়।
ওসি আকরাম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে।
