হাদির পরিবারের নিরাপত্তা দাবি ঝালকাঠি এনসিপির
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠির নেতারা।
রোববার রাতে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা দাবিদাওয়া তুলে ধরেন।
ঝালকাঠি জেলা শাখা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হোসেন ও এনসিপির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার সেখানে কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাদির হামলাকারীদের প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি তার শরীরের অবস্থা বেশি ভালো না। এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন।
ইতোমধ্যে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন মোটরসাইকেলে করে পেছনে পেছনে আসা আততায়ী। একটি গুলিই ছোড়া হয়, আর সেটি লাগে হাদির মাথায়।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
