ব্রাহ্মণবাড়িয়া থেকে ‘অপহৃত’ যুবক নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
২২ জুন সন্ধ্যায় বাবার অসুস্থতার কথা বলে ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ‘অপহৃত’ এক যুবককে নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার চার দিন পর বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন।
উদ্ধার হওয়া মো. ফজলুল করিম (২০) নবীনগর উপজেলার মোহল্লা গ্রামের এম এ কাইয়ুমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে বসবাস করতেন।
গ্রেপ্তার তৌসিফ মাহবুব হৃদয় নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে।
ওসি মোজাফফর হোসেন বলেন, “২২ জুন সন্ধ্যায় বাবার অসুস্থতার কথা বলে ভাদুঘর হুজুর বাড়ি এলাকা থেকে ফজলুল করিমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অপহরণ করা হয়েছে বলে করিমের বাবার কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
“এ ঘটনায় বুধবার করিমের বাবা সদর থানায় অপহরণের মামলা করেন। পরে র্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।”
গ্রেপ্তারকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
