২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার ‘চাঁদাবাজি’: ঢাকা যেতে পারছে না শরীয়তপুর সুপার সার্ভিস

“যাত্রাবাড়ীতে বাস পৌঁছানো সঙ্গে সঙ্গে ফাহিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। আমাদের মারধর করেছে।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 12:33 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ‘চাঁদার দাবিতে’ শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের একাধিক বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনার পর শনিবার থেকে ঢাকা ও শরীয়তপুরের মধ্যে চলাচলকারী ওই বাসের সেবা বন্ধ রয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস মালিকদের দাবি, ‘পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে’ যাত্রাবাড়ী থানার যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম এবং তার অনুসারীরা শুক্রবার রাতে এবং শনিবার সকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটিয়েছে।

তবে মুশফিকুর রহমান ফাহিম ওই অভিযোগ অস্বীকার করেছেন। আর জেলার পুলিশ সুপার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের মালিক সমিতি ও চালকরা বলছেন, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকার যাত্রাবাড়ী থানার সহ-সভাপতি সম্পাদক মো. ফাহিমকে চাঁদা দিয়ে তাদের গাড়ি চালাতে হচ্ছে। দুটি কাউন্টারের জন্য তাকে গাড়ি প্রতি ৫০০ টাকা করে প্রতি মাসে ৭ লাখ টাকা দিতে হয়।

কিন্তু ফাহিম চাঁদার পরিমাণ বাড়িয়ে দিলে মালিক সমিতি তা দিতে অস্বীকার করে। এরপর থেকে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হচ্ছে বলে মালিকদের অভিযোগ।

শরীয়তপুর সুপার সার্ভিসের বাস মালিক সিরাজুল ইসলাম মাদবর বলেন, “ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনেছি। চাঁদাবাজ ফাহিমের কারণে আমাদের গাড়িগুলো যাত্রাবাড়ীতে যেতে পারছে না। আমরা তাদের চাঁদা দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম। কিন্তু এখন তার দাবি করা টাকা দিতে পারছি না। এ কারণে প্রতদিন আমাদের বাস ভাঙচুর ও চালক-হেলপারদের মারধর করছে।”

বাস মালিকদের ভাষ্য, গত তিন দিনে ফাহিম এবং তার অনুসারীরা ২০টি গাড়ি ভাঙচুর করেছে। ৩০ জন চালক ও হেলপারকে মারধর তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো গাড়ি যাত্রাবাড়ী এলাকায় যেতে পারছে না।

আহত বাস শ্রমিক রুবেল বলেন, “যাত্রাবাড়ীতে বাস পৌঁছানো সঙ্গে সঙ্গে ফাহিমের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। আমাদের মারধর করেছে। তিন দিনে আমাদের ২০টি বাস ভাঙচুর করেছে। আমাদের মারধর করেছে।”

যাত্রাবাড়ী থানার যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম

যাত্রাবাড়ী থানার যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে যাত্রাবাড়ী থানা যুবদলের আসন্ন কমিটির পদপ্রত্যাশী মুশফিকুর রহমান ফাহিম সাংবাদিকদের বলেন, “আমাদের গাড়ির (প্রচেষ্টা) রুট পারমিট থাকার পরেও শরীয়তপুরের বাস মালিক সমিতি সেগুলোকে অন্য উপজেলায় যেতে দিচ্ছে না। এখন তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

“আমি কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি। আমি চাঁদাবাজি করে থাকলে আমরা বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। অভিযোগ প্রমাণ হলে আমি আমার অপরাধ মাথা পেতে নেব।”

শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের চেয়রম্যান এবং জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, “যুবদলের নেতা ফাহিম বেপরোয়া হয়ে উঠেছে। তার সাথে আমরা ঢাকায় বৈঠক করেছিলাম। সে তখন পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবকে জানিয়েও তেমন কোনো প্রতিকার পাচ্ছি না।” 

বিষয়টি নজরে এসেছে জানিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “ভুক্তভোগীরা যাতে আইনগত সহায়তা পেতে পারে এবং শরীয়তপুরের বাস যাতে নির্বিঘ্নে যাত্রাবাড়ীতে প্রবেশ করতে পারে, সেজন্য ডিএমপির ওয়ারী জোনের উপ-কমিশনারকে জানানো হয়েছে।”