কুমিল্লায় বেপরোয়া বাস কাড়ল আরেক বাসের সুপারভাইজারের প্রাণ
তিশা প্লাস বাসের সুপারভাইজার সোহেল অসাবধানতাবশত এশিয়া ট্রান্সপোর্টের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, প্রত্যক্ষদর্শীরা জানান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক বাসের চাপায় আরেক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।
রোববার সকাল ৬টায় উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী সোহেল রানা কুমিল্লা বাঙ্গরাবাজার খামার গ্রামের কবির আহম্মেদের ছেলে এবং ঢাকাগামী ‘তিশা প্লাস’ বাসের সুপারভাইজার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিশা প্লাস বাসটি রাস্তার ডান পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বাম দিক থেকে ‘এশিয়া ট্রান্সপোর্ট’ নামের ঢাকাগামী আরেকটি বাস বেপরোয়া গতিতে কাউন্টার ত্যাগ করছিল। তখন তিশা প্লাসের সুপারভাইজার সোহেল অসাবধানতাবশত এশিয়া ট্রান্সপোর্টের চাকার নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি ইকবাল বাহার জানান।
