ব্লিচিং পাউডারের সঙ্গে এল শাড়ির অবৈধ চালান
তবে চালানটিতে কী পরিমাণ শাড়ি আছে তা এখনই বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা।
বেনাপোল বন্দর দিয়ে আনা ব্লিচিং পাউডারের সঙ্গে অবৈধভাবে আসা বিপুল শাড়ি কাপড় আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার রাতে চালানটি আটক করা হয় বলে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. সাফায়েত হোসেন জানান।
কাস্টমস জানায়, খুলনার ‘জালাল বাণিজ্য ভাণ্ডার’ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ১২০০ প্যাকেজের ব্লিচিং পাউডারের একটি চালান ভারত থেকে আমদানি করার কথা। পণ্য চালানটির রপ্তানিকারক কোলকাতার ‘চারুবালা’ নামের একটি প্রতিষ্ঠান।
চালানটি রোববার বেনাপোল বন্দরে প্রবেশের পর ৩৫ নম্বর সেডে রাখা ছিল। যা খালাসের জন্য সোমবার ট্রাক টু ট্রাক আনলোড হচ্ছিল।
তখন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, ড্রামের ভেতরে ব্লিচিং পাউডারের স্থলে শাড়ি কাপড় আছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে বন্দরের ৩৫ নম্বর সেড থেকে পণ্য বোঝায় ভারতীয় দুটি ট্রাক আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে চালানটি খতিয়ে দেখতে গিয়ে ব্লিচিং পাউডারের ড্রামের ভেতরে বালু ও বিপুল পরিমাণ শাড়ি কাপড়ের সন্ধান পাওয়া যায়।
তবে চালানটিতে কী পরিমাণ শাড়ি আছে তা এখনই বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা।
কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, “অবৈধ পণ্য আনার ফলে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
