চাঁদার জন্য মাইক্রো-বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিএনপিকর্মীর বিরুদ্ধে
কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপিকর্মীর বিরুদ্ধে।
দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের সানজিদ রানা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে।
সানজিদ রানা অভিযোগ করেন, “বিগত দিনে মাইক্রোবাসটি আওয়ামী লীগ নেতারা মাঝেমধ্যে ভাড়া নিতেন। এ কারণে বিএনপিকর্মী আব্দুল জব্বার আমার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করি।
“শুক্রবার সন্ধ্যায় আব্দুল জব্বার ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে ঘিরে ধরলে আমি প্রাণভয়ে পালিয়ে যাই। পরে রাত ১০টার দিকে জব্বারের নেতৃত্বে ১০-১২ জন এসে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে তারা মাইক্রোবাস ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভেড়ামার স্টেশনের কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা সানজিদ রানার বাড়িতে গিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনি। পরে চলে আসি। আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তদন্ত না করে বলা যাবে না।”
তবে বিএনপিকর্মী আব্দুল জব্বার তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “সানজিদ রানা চাকরি দেওয়ার নাম করে এলাকার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে চাকরি না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সানজিদ তাকে মারধর করে। এর জের ধরে স্থানীয় লোকজন রাতে সানজিদের বাড়িতে হামলা চালায়।”
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, “চকদৌলতপুর গ্রামে একটি বাড়িতে কিছু লোকজন ইট-পাটকেল মারে। বাড়িতে থাকা একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”
এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
