২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ ‘নেতার’ নামে পর্নোগ্রাফির মামলা

পুলিশ জানায়, মামলার ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হীরাকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ ‘নেতার’ নামে পর্নোগ্রাফির মামলা
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন হীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 06:21 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক দুই নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, রোববার দুপুরে কিশোরগঞ্জের ১ নম্বর বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আশিকুর রহমানের আদালতে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করেন এক কলেজ ছাত্রী। 

ওই আদালতের বেঞ্চ সহকারী শিখা রাণী দাস বলেন, মামলার বাদী স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুনানি শেষে বিচারক মামলাটিকে এজহার হিসেবে লিপিবদ্ধ করতে সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন। 

মামলার আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন হীরা, তার আপন মামা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সুমনের বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন বাবুল।

ওসি গোলাম মোস্তফা বলেন, রোববার রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের গাঙিনারপাড় এলাকা থেকে হীরাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে রোববার রাতে থানায় এজাহার করা হয়। তারপরই আসামিদের ধরতে অভিযান শুরু করা হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে নাজমুল হোসেন হীরার প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা ২০২৩ সালের জুনে গোপনে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ের পর ছাত্রী জানতে পারেন, হীরার স্ত্রী আছেন। তারপর ছাত্রী মৌখিকভাবে তালাক দিয়ে চলে আসেন।

কিন্তু হীরা দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন এবং সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করেন। 

বিষয়টি ছাত্রী হীরার মামা আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং মোশারফ হোসেন বাবুলকে জানান। কিন্তু তারাও তাকে হুমকি দেন এবং ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে আট লাখের বেশি টাকা দিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলে মামলায় উল্লেখ করে ওই ছাত্রী। 

কিন্তু তারপরও আসামিরা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে বাধ্য হয়েই মামলা করেছেন বলে এজাহারে বলেন ওই ছাত্রী। 

২০২২ সালে প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হলেও এক মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায় বলে জানান ছাত্রী।   

তার অভিযোগ, “নাজমুল হীরার সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণেই সে এমনটা করেছে। আর এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন তার মামা সুমন ও বাবুল।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে বলেন, “আমার ভাগনে হীরার সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হীরা বাদী হয়ে একটি মামলাও করেছিল।

“কিন্তু এখন কী কারণে মেয়েটি ভাগনের বিষয় টেনে এনে বড় ভাইসহ আমাকে মামলার আসামি করেছে, সেটা আমার বোধগম্য হচ্ছে না।”