কুড়িগ্রামে ‘ব্লকেড’, স্বারষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশে বলেন, ডিসি ও এসপি আওয়ামী লীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এ সময় তারা ‘লীগ ধর জেলে ভর’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করে তোলেন শাপলা চত্বর এলাকা।
‘ব্লকেড’ কর্মসূচিতে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্যসচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব সাদিকুর রহমান।
এ সময় বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তারা কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশে বলেন, ডিসি ও এসপি আওয়ামী লীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছে। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে তবু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি জেলা শাখার সদস্যসচিব মাসুম মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা।
