সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান ও সহযোগী গ্রেপ্তার
“গত ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর আসাবুর বাহিনী সুন্দরবনে দস্যু কার্যক্রমে সক্রিয় হয়।”
সুন্দরবনের একটি বনদস্যু বাহিনীর প্রধানকে তার সহযোগী ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফীন।
গ্রেপ্তাররা হলেন- আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীর (২৮)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামে।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি একনলা বন্দুক ও চারটি গুলি ।
লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফীন বলেন, “গত ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর আসাবুর বাহিনী সুন্দরবনে দস্যু কার্যক্রমে সক্রিয় হয়। কয়েক মাস ধরে খুলনা রেঞ্জ-সংলগ্ন এলাকায় জেলেদের অপহরণের পর মুক্তিপণ দাবি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক তৎপরতা করছেন তারা।
“তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। দাকোপ থানায় একটি অবৈধ অস্ত্র মামলা ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই দুজনকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
