Published : 02 Feb 2026, 01:30 PM
শরীয়তপুরের নড়িয়া থেকে এবার ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে তিন জনকে।
সোমবার ভোরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায় বলে জানিয়েছেন নড়িয়া থানার এসআই অখিল রঞ্জন সরকার।
এর আগে গত ৮ জানুয়ারি পোড়াগাঁছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল ৪৫টি ককটেল।
এসআই অখিল রঞ্জন বলেন, পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য পেয়ে ভোরে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযানে এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদাকে (১৮) আটক করে পুলিশ ।

এ সময় কয়েকটি টেঁটা, রামদাসহ ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
থানা পুলিশের তথ্য মতে, গত তিন দিনে নড়িয়াও আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বছর আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল। সেগুলো পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের সদস্যরা নিস্ক্রিয় করে।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, শেষ হলে আটকদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন
বিস্ফোরণে দুজনের মৃত্যু: শরীয়তপুরে একই জায়গা থেকে ৪৫ 'হাতবোমা' উদ্ধার
শরীয়তপুরে 'বোমা বানানোর সময়' বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু
'বোমা বানানোর সময়' নিহত ২: ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩
'বোমা বানানোর সময়' বিস্ফোরণ, নিহতের হাতের কব্জিসহ উড়ে যায় ঘরের চাল