বিস্ফোরণে দুজনের মৃত্যু: শরীয়তপুরে একই জায়গা থেকে ৪৫ ‘হাতবোমা’ উদ্ধার
মুলাই বেপারী কান্দি এলাকায় সাগর বেপারীর বাড়ি থেকে ‘হাতবোমা’ সদৃশ ৪৫টি বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণে দুজনের মৃত্যুর পর শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ‘হাতবোমা’ উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে চারজনকে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, সোমবার সকালে উপজেলার মুলাই বেপারী কান্দি এলাকায় সাগর বেপারীর বাড়ি থেকে হাতবোমা সদৃশ ৪৫টি বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে বিলাসপুর এলাকার মুলাই বেপারী কান্দি গ্রামে সাগর বেপারীর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হন।
এর পর পুলিশ ও সেনাবাহিনী মিলে এই অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হলেও তাদের নাম জানায়নি পুলিশ।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, জাজিরা থানার ওসি সালেহ আহমেদ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
