শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণে মারা যান তিনি।
বৃহস্পতিবার ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান।
নিহত ৩২ বছর বয়সী সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। পরে একটি রসুন ক্ষেতে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি সালেহ আহম্মেদ বলেন, “মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ককটেল বানানোর সময় তিনি বিস্ফোরণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
