২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ‘ফাঁড়িতে হামলা’: ২ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৯

মামলায় আসামি করা হয়েছে আড়াইশ থেকে তিনশ জনকে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 11:15 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘিরে ট্রাফিক বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর ‘তদন্তের স্বার্থে’ সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুই পুলিশ সদস্যকে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে ১৫ জনের নামসহ ‘আড়াইশ থেকে তিনশ জনের’ বিরুদ্ধে সদর থানায় মামলা হয়।

গ্রেপ্তার নয়জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজ রোডে মোটরসাইকেলের দুই আরোহী পুলিশ চেক পোস্টের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে   নিয়ন্ত্রণ হারিয়ে সার্কিট হাউজ মোড়ে একটি ট্রাকে চাপা পড়েন তারা।

এতে ঘটনাস্থলে রিফাত নামে একজনের মৃত্যু হয়। সোহাগ নামে একজনের মৃত্যু হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

নিহতদের পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিফাতের মরদেহ পড়ে থাকে রাস্তায়। উত্তেজিতদের বাধায় মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। 

পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।