২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট ছাত্রদল: ২৮ নেতার মধ্যে ১৫ জনের পদত্যাগ

পদত্যাগ করা নেতারা কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগ ও ছাত্রশিবিরকে নেওয়ার অভিযোগ তুলেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 01:36 AM

Updated : 26 Aug 2026, 11:56 AM

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণার পরেই ২৮ নেতার মধ্যে ১৫ জন পদত্যাগ করেছেন। 

পদত্যাগ করা নেতাদের তালিকায় সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকও আছেন।

তারা নতুন কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের লোকজনকে নেওয়ার অভিযোগ তুলেছেন। 

নিজেসহ ১৫ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন নতুন কমিটির সভাপতি আশরাফুল হক।

শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নতুন কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি করা হয় আশরাফুল হককে।

তাদেরকে ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর রাতেই এ কমিটির সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫জন নেতা পদত্যাগ করেন।