২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে এক বিয়ের দুই কাবিন! কাজী কারাগারে

স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলার পর বাদী ও বিবাদী আদালতে কাবিননামা সরবরাহ করেন; যা ভিন্ন ও ত্রুটিপূর্ণ বলে প্রমাণ পায় আদালত।

নীলফামারীতে এক বিয়ের দুই কাবিন! কাজী কারাগারে
কারাগারে যাওয়া আব্দুল মজিদ নীলফামারী সদর উপজেলার ১০ নম্বর কুন্দুপুকুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

নীলফামারীর সদর উপজেলায় এক বিয়ের আলাদা কাবিননামা সরবরাহ করার অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রার-কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান শাসন।

কারাগারে যাওয়া আব্দুল মজিদ ওরফে এম এ মজিদ সদর উপজেলার ১০ নম্বর কুন্দুপুকুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৫ এপ্রিল সদরের হাড়োয়া ধনীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে রমজান আলীর সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর খামাতপাড়া গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে মেরি আক্তারের বিয়ে হয়। চার লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে রয়েছে।

বিয়ের কিছুদিন পর থেকে স্বামী রমজান আলী তার স্ত্রী মেরির কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি করা টাকা দিতে না পারায় মেরির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এ ঘটনায় মেরি আক্তার কিশোরগঞ্জ আমলি আদালতে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রমের সময় বাদী ও বিবাদী আদালতে কাবিননামা দাখিল করেন। তবে একই বিয়ের বিপরীতে দুটি ভিন্ন কাবিননামা জমা পড়ায় আদালতের সন্দেহ হয়। পরবর্তীতে পর্যালোচনায় কাজী আব্দুল মজিদের সরবরাহ করা কাবিননামা ভিন্ন ও ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়। 

জালিয়াতির বিষয়টি স্পষ্ট হওয়ায় আদালত কাজীকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান আইনজীবী কামরুজ্জামান শাসন।

তিনি বলেন, একই বিয়ের বিপরীতে দুই ধরনের কাবিননামা দিয়ে কাজী আইন লঙ্ঘন করেছেন। বিষয়টি জালিয়াতি মনে হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।