নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সাদেকুর বলেন, “শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষ।
“সন্ধ্যায় ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা নিহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
