২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার মামলায় ৪ জন গ্রেপ্তার

১০ অগাস্ট আওয়ামী লীগের মিছিল থেকে সেনাবাহিনীর ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 10:35 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৬ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ফজলুর রহমান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ডে পেতে আদালতে আবেদন করা হয়েছে। তবে শুনানির দিন পরবর্তী তারিখে ধার্য করেছে আদালত।

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ অগাস্ট বিকাল ৫টায় ঢাকা-খুলান মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গোপালগঞ্জের নেতাকর্মীরা।

একপর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি, ফুকরা, সদর উপজেলার দালালাবাদ ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে মহড়া ও সমাবেশ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেন। এতে আন্দোলনকারীরা সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে তারা সেনা সদস্যদের ওপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর চার কর্মকর্তাসহ নয়জন আহত হয়। এ ছাড়া সেনাবাহিনীর দুটি অস্ত্র (রাইফেল), ছয়টি ম্যাগজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি ভাঙচুর করে আন্দোলনকারীরা।

ঘটনার দিন বিকালে একটি অস্ত্র এবং পরদিন অপর অস্ত্রসহ তিনটি ম্যাগজিন উদ্ধার করে সেনাবাহিনী।

এ ঘটনায় ২২ অগাস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ নেতাকর্মী ও সমর্থকের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় তিন হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।

আরও পড়ুন:

সেনাবাহিনীর ওপর হামলা: গোপালগঞ্জে ৩৩০৬ জনের নামে মামলা

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৭

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা: কোটালীপাড়ায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ

সেনার গাড়িতে হামলা: গোপালগঞ্জ আওয়ামী লীগের দুঃখ প্রকাশ