২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি

এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েন রোগীরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 06:12 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতিতে গেলে ভোগান্তিতে পড়েন রোগীরা। 

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোমিন উদ্দিন চৌধুরী বলেন, জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক আবিদুর রেজা। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক এক রোগীকে নিয়ে আসেন। 

এ সময় রোগীর সঙ্গে আসা যুবকরা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আবিদুর রেজার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে রেজাকে মারধর করেন।

এ ঘটনার পরপরই হাসপাতালের সব চিকিৎসক ও নার্স দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। 

এতে বন্ধ হয়ে যায় হাসপাতালের চিকিৎসা সেবা। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। 

পরে বিকাল ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে কর্মবিরতি থেকে সরে আসেন চিকিৎসক ও নার্সরা।

তাদের ৩ দফার মধ্যে ছিল, স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আনসার ও পুলিশ ক্যাম্প স্থাপন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার করা এবং জরুরি বিভাগসহ সব বিভাগে দর্শণার্থী, বহিরাগত, দালাল, হকার নিয়ন্ত্রণ করে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোমিন উদ্দিন চৌধুরী বলেন, “আমরা প্রতিদিন শত শত মানুষকে চিকিৎসা দিই। তাই কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি।” 

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং রোগীদের দুর্ভোগ লাগবে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছি।”