সাতক্ষীরার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর হোসেন আর নেই
মোশাররফ হোসেন মাত্র ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর হোসেন (মশু) আর নেই।
বীর মুক্তিযোদ্ধা মশিউর হোসেনের ছেলে আশিক মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, সাতক্ষীরার বাসভবনে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম বলেন, বাদ আসর সাতক্ষীরা সদরে জানাযা শেষে দেবহাটা উপজেলার পারুলিয়ায় গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা জানান।
মোশাররফ হোসেন মশু সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি পারুলিয়া গ্রামে ১৯৫৩ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব বলেন, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন ১৯৭১ সালে মাত্র ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিকুজ্জামান খোকন বলেন, মোশাররফ হোসেন ২০১০ সালে মুক্তিযোদ্ধা জেলা সংসদের কমান্ডার নির্বাচিত হন। ২০১৭ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।
