২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখব: আসিফ মাহমুদ

তিনি বলেন, “ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে, ক্ষমতার পালাবদলের জন্য নয়।”

বন্যা ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখব: আসিফ মাহমুদ
শুক্রবার রাতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 12:38 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কোনো ‘ষড়যন্ত্র’ আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, “বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখবো। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা বাংলাদেশ চাই। তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।” 

শুক্রবার রাত ৮টায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলছি, সিস্টেমকে রিফর্মমেশন করব। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক। তাই উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দেব।” 

তিনি বলেন, “ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে, ক্ষমতার পালাবদলের জন্য নয়।”

নোয়াখালী উপকূলীয় অঞ্চল, এখানকার মানুষ বন্যার সঙ্গে খুব একটা পরিচিত না মন্তব্য করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই, সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।”

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। তারপর আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।