খুলনায় প্রতিমন্ত্রীর বধ্যভূমি পরিদর্শনের সময় ৫ জনের পকেটমার
কপিলমুনি বধ্যভূমিতে এ ঘটনা ঘটে বলে পাইকগাছা থানার পরিদর্শক জিয়াউর রহমান জানান।
খুলনার পাইকগাছা উপজেলায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে বধ্যভূমি পরিদর্শনে গিয়ে পকেটমারের কবলে পড়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, সাংবাদিক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি।
মঙ্গলবার উপজেলার কপিলমুনি বধ্যভূমিতে এ ঘটনা ঘটে বলে পাইকগাছা থানার পরিদর্শক জিয়াউর রহমান জানান।
ভুক্তভোগীদের বরাত দিয়ে জিয়াউর রহমান জানান, বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে পাইকগাছায় আসার পথে কপিলমুনির বধ্যভূমি পরিদর্শনে যান সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। খুলনা-৬ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু ও আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে ছিলেন।
ওসি বলেন, পরিদর্শনকালে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের পকেট থেকে ১২ হাজার টাকা, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগল কিশোরের পকেট থেকে এক হাজার ৮০০ টাকা, সাংবাদিক তপন পালের পকেট থেকে পাঁচ হাজার টাকা, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ চন্দ্র সাধুর পকেট থেকে মোবাইল ফোন খোয়া যায় বলে তারা জানান।
পরিদর্শক জিয়াউর আরও বলেন, “এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে আমাদের উদ্যোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
