২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন তিনি, বলছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 01:54 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সারোয়ার হোসেন নান্নুর মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোববার ভোরে তার মৃত্যু হয় বলে জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান।

তিনি বলেন “বুকের ব্যাথার কারণে ভোর সাড়ে ৩টায় জেলখানা থেকে হাসাপাতালে নেওয়া হলে ৪টার দিকে তিনি মারা যান।

“রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। দুজন ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে থাকেন।”

সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো বোনের জামাই।

ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, “ভোর ৪টার সামান্য আগে সারোয়ার হোসেন নান্নুকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

“আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভর্তি রাখার সময়ই তাকে আর পাওয়া যায়নি।”

সারোয়ার হোসেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও জড়িত ছিলেন। তিনি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। প্রখ্যাত চিত্র শিল্পী আব্দুল হাই তার শ্বশুর এবং কৌতুক অভিনেতা প্রয়াত টেলি সামাদ তার চাচা শ্বশুর ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা হয়। ওই এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।