২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের সঙ্গে বরযাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, কিশোরী নিহত

এতে মাইক্রোবাসের চালকসহ চারজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 08:56 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

বরিশালের উজিরপুরে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত হয়েছে। 

বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। 

১৬ বছর বয়সি নিহত বৃষ্টি (১৬) ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের কন্যা।  

গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. সিরাজ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতে ওই এলাকার মহাসড়কের পাশে একটি গাছ ভেঙে পড়ে। ঝালকাঠির কলেজ মোড় থেকে গৌরনদীর উদ্দেশে যাত্রা করা বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাস ওই গাছ পাশ কাটিয়ে যেতে চায়। তখন বিপরীত দিক থেকে বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।” 

এসআই সিরাজ আরও বলেন, “এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা বরযাত্রী মেয়েটি মারা যায়। আহত অবস্থায় মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

“বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

উদ্ধার অভিযানে যাওয়া উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, “দুর্ঘটনায় দুই যাত্রী মাইক্রোবাসের ভেতরে আটকে যান। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”