Published : 28 Jun 2026, 12:40 AM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গ্রেপ্তারের পর এক আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ পালিয়ে গেছেন।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান।
পালিয়ে যাওয়া সাব্বির শেখ (৩৫) বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুল আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে ধরে ফেলেন এবং হাতকড়া পরান।
এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগ কর্মী ও স্বজনদের হট্টগোলের সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ পালিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান ও শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া অতিরিক্ত পুলিশ নিয়ে সেখানে যান।
পুলিশ সুপার কামরান হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।