শরীর মোড়া ধানের শীষে, গাইবান্ধা থেকে রংপুরে কাদের
কৃষক দলের কর্মী আব্দুল কাদের মণ্ডল গাইবান্ধার সাদুল্যাপুর থেকে রংপুর এসেছেন।
শরীরে ২০ কেজি ধানের শীষ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে এসেছেন দলটির নিবেদিতপ্রাণ কর্মী আব্দুল কাদের মণ্ডল। তিনি এসেছেন গাইবান্ধার সাদুল্যাপুর থেকে।
প্রায় দুই যুগ পর শুক্রবার রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রংপুর নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
এরই মধ্যে দলটির নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছেন। কেউ দলটির পতাকা হাতে, কেউ পতাকা সংবলিত টুপি মাথায় পরে, আবার কেউ ধানের শীষ শরীরে জড়িয়ে সভাস্থলে এসেছেন। তাদের একজন কাদের মণ্ডল।
সারা শরীর ধানের শীষ দিয়ে ঢাকা। এভাবেই জনসভাস্থলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন।
কথা হলে আব্দুল কাদের মণ্ডল বলেন, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে ভোরে কালেক্টরেট ঈদগাহ মাঠে এসেছেন। তারেক রহমানকে সভা মঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাকডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন।
নলডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের কর্মী আব্দুল কাদের মণ্ডল এবারই প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখবেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কাণ্ডারি তারেক রহমানকে দেখার সুযোগ হওয়ায় তিনি বেশ উচ্ছ্বসিত-আনন্দিত।
নেতাকর্মীরা বলছেন, জনসভা থেকে তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি দেবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন।
এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে।
রংপুর মহানগর পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, নির্বাচনি সফরে রংপুরে জনসভাস্থলে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় আসবেন।
রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
