বগুড়ায় বৃষ্টিতে বাড়ির মাটির দেওয়াল ধসে প্রাণ গেল ঘুমন্ত মিস্ত্রির
এসআই আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয় এবং সকালে এর তীব্রতা বাড়ে।
বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত বৃষ্টির কারণে বসতঘরের মাটির দেওয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আল মাহমুদ।
নিহত মো. কিবরিয়া (৫০) কিবরিয়া রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
তিনি প্রায় দেড়যুগ ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এবং একমাত্র মেয়ে রাজশাহীতে থেকে পড়াশোনা করছে, তাই তিনি বাড়িতে একাই ছিলেন।
এসআই আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয় এবং সকালে এর তীব্রতা বাড়ে। এ সময় অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপর পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
