২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

“এমন ফলাফলের কারণ অনুসন্ধান করে প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 10:45 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া লালমনিরহাটের দুটি উপজেলার ছয়টি প্রতিষ্ঠানের কেউ পাস করেননি।

মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া কালীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকীও এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রতিষ্ঠানগুলো হল-আদিতমারী উপজেলার গন্ধমরুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, নামুড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালীগঞ্জ উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, শিয়াল খোওয়া কলেজ, দুহুলী এস সি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গন্ধমরুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে চলতি বছর আটজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এছাড়া নামুড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিলেও ফেল করেছে।

অন্যদিকে শিয়ালখোয়া কলেজ থেকে তিনজন অংশ নিয়ে কেউ পাস করেনি। সোনারহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে তিনজনের সবাই ফেল করেছে। দুহুলী এসসি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কোনো পরীক্ষার্থীই পাশ করেনি।

এ বিষয়ে ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী বলেন, “যেসব প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, তাদের এমন ফলাফলের কারণ অনুসন্ধান করে প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”