বাবার ‘অজ্ঞতার’ সুযোগে প্রবাসীর জমি ‘লিখে নিলেন’ দলিল লেখক
সম্প্রতি খাজনা-খারিজের জন্য সিরাজগঞ্জের তাড়াশের ভূমি অফিসে গেলে দেখা যায় জমিটি দলিল লেখকের নামে রেজিস্ট্রি করা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে পড়াশোনা না জানা বৃদ্ধের ‘অজ্ঞতার’ সুযোগে তার প্রবাসী ছেলের নামে কেনা দেড় বিঘা জমি দলিল লেখক নিজের নামেই রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পাঁচ বছর পর বিষয়টি প্রকাশ পাওয়ায় প্রবাসীর পক্ষে তার মা প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন।
জমিটির ক্রেতা ফরহাদ হোসেন তাড়াশ উপজেলা সদরের পৌর এলাকার কহিত গ্রামের নুরুল ইসলামের ছেলে ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
আর দলিল লেখক মির্জা আব্দুর রব বুলবুল তাড়াশ সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত ও একই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগের বরাতে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি কহিত তেতুলিয়া গ্রামের মৃত সোলেমানের দুই ছেলে বাবলু, কালাম এবং দুই মেয়ে শামীমা ও সুমি খাতুন ৭ লাখ ২৬ হাজার টাকার বিনিময়ে প্রবাসী ফরহাদ আলীর কাছে দেড় বিঘা আবাদি জমি বিক্রি করেন।
ফরহাদ আলীর পক্ষে তার বাবা ৭৭ বছর বয়সী বৃদ্ধ নুরুল ইসলাম তাড়াশ সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক মির্জা আব্দুর রবের মাধ্যমে জমিটির রেজিস্ট্রি সম্পন্ন করেন। যার দলিল নং-৭৮২/২১।
কিন্তু পরবর্তীতে জমির জাবেদা নকল চাইলে তা দিতে তালহাবানা শুরু করেন দলিল লেখক রব। এ অবস্থায় অন্য লোকের সহায়তায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর জমির জাবেদা নকল উত্তোলন করেন নুরুল ইসলাম।
তা নিয়ে সম্প্রতি ভূমি অফিসে খাজনা-খারিজের জন্য গেলে দেখা যায় জমিটি দলিল লেখক মির্জা আব্দুর রবের নামে রেজিস্ট্রি করা হয়েছে।
বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, “একমাত্র সম্বল সোয়া বিঘা কৃষি জমি বিক্রি করে ছেলেকে দুবাই পাঠিয়েছি। পরে ছেলের পাঠানো টাকায় দেড় বিঘা জমি কিনেছি। ক্রয় করার পর থেকে জমিটি আমাদের ভোগ দখলেও রয়েছে। এতোদিন পর খাজনা খারিজ করার জন্য গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।”
“ছেলে বিদেশে থাকে, আমিও পড়ালেখা জানি না। আমার অজ্ঞতা ও সরলতার সুযোগ নিয়ে দলিল লেখক মির্জা আব্দুর রব এমন প্রতারণা করেছে।”
ভুক্তভোগী এই বৃদ্ধ বলেন, ক্রয় করা দেড় বিঘা জমি ছাড়া তাদের আর কোনো জমি নেই। জমি ফেরত ও দলিল লেখক মির্জা আব্দুর রবের শাস্তি দাবি করেছেন তিনি।
কোহিত গ্রামের বাসিন্দা ও উলিপুর পাচান দাখিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান মৌলভী নজরুল ইসলাম বলেন, “জমি বিক্রেতা মো. বাবলু, কালাম, শামীমা ও সুমি খাতুন সম্পর্কে আমার ভাগ্নে-ভাগ্নি। তারা নুরুল ইসলামের ছেলে ফরহাদ আলীর কাছে জমি বিক্রি করেছে। জমি রেজিস্ট্রি করার দিন আমিও উপস্থিত ছিলাম। দলিল লেখক আব্দুর রব ও আমরা একই গ্রামে বসবাস করি, চেনা লোক। তাই আমাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি এ প্রতারণা করেছেন। এ ধরনের প্রতারণা সম্ভবত বাংলাদেশে এই প্রথম।”
জমি বিক্রেতা মো. বাবলু ও তার দুই বোন শামীমা খাতুন বলেন, তাদের জমি তারা ফরহাদ আলীর কাছে বিক্রি করেছেন। প্রতরাণার বিষয়ে জানার পর তারা ভুক্তভোগী পরিবারকে লিখিত স্বীকারোক্তিও দিয়েছেন বলেও জানান।
এ গ্রামের প্রধান মাতব্বর হাফিজ উদ্দিন বলেন, “গ্রামের প্রায় সব মানুষ জানে বাবলুদের জমি নুরুল ইসলামের ছেলে ফরহাদ আলী কিনেছে। এখন শোনা যাচ্ছে আব্দুর রব কিনেছে। এ নিয়ে সম্প্রতি গ্রামে সালিশ বৈঠক বসার কথা ছিল। কিন্তু আব্দুর রব অসুস্থতার কথা বলে সেখানে হাজির হয়নি। সে মূলত সময়ক্ষেপণ করছে।”
এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে দলিল লেখক মির্জা আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
বিস্তারিত জানতে হলে প্রতিবেদককে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে সংযোগ কেটে দেন দলিল লেখক। পরে কল দিলেও তিনি আর ধরেননি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “জমির ক্রেতার পক্ষে তার মা ফিরোজা খাতুনের অভিযোগ পাওয়ার পর তাড়াশের সাব-রেজিস্ট্রারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
উপজেলা সাব-রেজিস্ট্রার সিফাত মাহমুদ বলেন, “উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “অভিযোগটি পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জেলা রেজিস্ট্রারকে পরামর্শ দেওয়া হয়েছে।”
জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, “অভিযোগের সত্যতা যাচাই-পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
