ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
বাড়ির পাশে পুকুরে গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় বলে জানান স্বজনরা।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার সকালে উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ।
নিহতরা হলো- ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।
স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে দুই ভাই। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুদের মা পুকুরপাড়ে গিয়ে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মুনসুর আহমেদ বলেন, পুলিশ জানাজানি হওয়ার আগেই দুইজনের লাশ দাফন করা হয়েছে।
