এইচএসসি: কুমিল্লায় অনুপস্থিত আড়াই হাজার, বহিষ্কার ৩
হলে স্মার্টফোন বহন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডে দুই হাজার ৪২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া এদিন অনিয়মের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. কবির উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিকালে বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিতির হার ২.৭১ শতাংশ।
কুমিল্লা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৬৭১ জন। পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৮৭ হাজার ২৪৩ জন।
এদিকে, লালমাই উপজেলায় এইচএসসি পরীক্ষার হলে স্মার্টফোন বহন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী।
বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয় বলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা জানান।
তিনি বলেন, পরীক্ষার হলে যে কোন ধরেন মোবাইল ফোন বহন ও ব্যবহার করা নিষিদ্ধ।
অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের সচিব অধ্যাপক কামরুল হাসান বলেন, কেন্দ্রের অধীনে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
