‘আচরণবিধি লঙ্ঘন’: যশোরে বিএনপি প্রার্থী আইয়ুবকে শোকজ
যশোর-৪ আসনের এ প্রার্থী শোকজের জবাব দেওয়ার কথা জানিয়েছেন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবকে শোকজ করা হয়েছে।
সোমবার বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ভুপালী সরকারের সাক্ষর করা চিঠিতে আগামী দুই দিনের মধ্যে প্রার্থীকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার শোকজের জবাব দেওয়ার কথা জানিয়েছেন প্রার্থী টি এস আইয়ুব।
যশোরের বাঘারপাড়া ও অভয়নগর এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসন গঠিত।
শোকজে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা কোনো প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী তিন সপ্তাহ কোনো নির্বাচনি প্রচার করতে পারবেন না।
“এর মধ্যে আপনি বা আপনার দলের সমর্থকরা সোমবার বিকালে বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনি প্রচারের উদ্দেশে মিছিল ও শোডাউন কার্যক্রম চালিয়েছে; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন।”
এমতাবস্থায়, প্রার্থীর বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয় চিঠিতে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ভুপালী সরকার সাংবাদিকদের বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযানে যাই। তবে আমরা যাওয়ার আগেই কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা। বিএনপির একজন প্রার্থী শোডাউনে না থাকলেও তার নেতাকর্মীরা ছিলেন।
“প্রার্থীর পক্ষে শোডাউন করায় আচরণবিধি ভঙ্গ হয়েছে; তাই তাকে প্রাথমিক শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী শান্তির আওতায় আনা হবে।”
এ বিষয়ে বিএনপি প্রার্থী আইয়ুব সাংবাদিকদের বলেন, “শোকজের জবাব দিয়েছি। হাটবারের দিন নেতাকর্মীরা অজ্ঞতাবশত মিছিল করেছেন। এজন্য বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন করেছি। তবে এখনো কোনো জবাব পাইনি।”
