২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

২০২২ সালের ২ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।

কুষ্টিয়ায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 03:29 PM

Updated : 29 Sep 2026, 03:29 PM

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিয়ের আশ্বাসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) এ এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মজিদ।

দণ্ড পাওয়া রাজিব কুমার ঘোষ (২৫) মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন রাজিব। এতে কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় রাজিব ক্ষিপ্ত হয়ে উঠেন।

“এর মধ্যে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে রাজিব ওই কিশোরীর বাড়িতে যান। সেই সময় বাড়িতে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেন রাজিব”, বলেন তিনি।

আব্দুল মজিদ বলেন, “ঘটনাটি কাউকে না বললে, কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন রাজীব। এর পর থেকে মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন রাজিব। পরে বিয়ের কথা বললে রাজিব তাতে অস্বীকৃতি জানান।”

এ ঘটনার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একই বছরের ১১ ডিসেম্বর রাজিবকে আসামি করে ধর্ষণ মামলা করেন বলে জানান পিপি।

মামলার তদন্ত শেষে মিরপুর থানার তৎকালীন উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজিবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান আব্দুল মজিদ।

সাক্ষ্য গ্রহণ শেষ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।