কুমিল্লায় পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবককে অর্থদণ্ড
মেয়েটি দৌঁড়ে তদন্ত কেন্দ্রে ঢুকে অভিযোগ করলে পুলিশ ধাওয়া দিয়ে রায়হানকে আটক করে।
কুমিল্লার লালমাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার এ আদেশ দেন বলে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেদোয়ান উল্যাহ খান জানান।
দণ্ডপ্রাপ্ত ২৩ বছর বয়সি আবু রায়হান বাগমারা দক্ষিণ ইউনিয়নের জামুয়ারপাড় গ্রামের বাসিন্দা।
এএসআই রেদোয়ান বলেন, “বৃহস্পতিবার বিকালে উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে এক এসএসসি পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। পথে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মেয়েটিকে উত্ত্যক্ত করেন রায়হান।
“এ সময় মেয়েটি দৌড়ে তদন্ত কেন্দ্রে ঢুকে অভিযোগ করলে পুলিশ ধাওয়া দিয়ে রায়হানকে আটক করে।”
খবর পেয়ে রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে আদালত বসিয়ে করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায়হানকে ১০ হাজার টাকা জরিমানা করেন বলে এএসআই জানান।
