১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতর ও বাইরে ঘুষের টাকা নিয়ে দর কষাকষি করছেন আব্দুস সাত্তার।

রাজশাহীতে ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

রাজশাহীর চারঘাট উপজেলায় ভূমি কার্যালয়ে বসে এক কর্মকর্তার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 04:23 PM

Updated : 26 Nov 2022, 04:23 PM

রাজশাহীর চারঘাট উপজেলায় ভূমি কার্যালয়ে বসে এক কর্মকর্তার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। 

উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কার্যালয়ের এই ঘুষ লেনদেনের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে ঘুষ লেনদেন ও দর কষাকষি করতে দেখা যায়। 

আব্দুস সাত্তারের বাড়ি রাজশাহী নগরীর হড়গ্রমা কোর্ট স্টেশন এলাকায়। এক মাস আগে তিনি সরদহ ইউনিয়ন ভূমি কার্যালয়ে যোগদান করেন। 

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ও বাইরে এক ব্যক্তির সঙ্গে ঘুষের টাকা নিয়ে দর কষাকষি করছেন আব্দুস সাত্তার। একপর্যায়ে টাকা পকেটে ঢোকান তিনি। 

টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে তিনি বলছেন, “৯০০ টাকা দিলে হবে? না, না, হবে না, এভাবে…। আশ্চর্য তো! গরিব মানুষও দিছে। আর আপনি তো মার্চেন্ট মানুষ। ৯০০ টাকা গুণে দিছেন, এটা কেমন কথা হলো?” 

টেবিলের সামনে বসে থাকা অপর সেবাগ্রহীতাকে চার হাজারের সঙ্গে আরও ৫০০ টাকা দিতে বলেন আব্দুস সাত্তার। তা নাহলে তিনি খাজনার চেক কাটবেন না বলে জানিয়ে দেন। 

আরেক সেবাগ্রহীতাকে কার্যালয়ের বাইরে নিয়ে গিয়ে একটি গাছতলায় দাঁড়িয়ে কথা বলেন আব্দুস সাত্তার। এর ফাঁকে কয়েক দফায় তার কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখেন। পরে আবার নিজের চেয়ারে এসে বসেন। 

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, “আমি এই ভূমি অফিসে নতুন। মাত্র একমাস হলো যোগদান করেছি। এখানে কাউকে সেভাবে চিনি না। আমি কারও কাছ থেকে কীভাবে ঘুষ নেব? এসব অভিযোগ ভিত্তিহীন।” 

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, “ভিডিওগুলো দেখেছি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ওই ব্যক্তি আব্দুস সাত্তার। ভিডিওর সত্যতা যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”