মাদারীপুরে ৮২৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়।
অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মাদারীপুর সদরের এক সার ও বীজ ব্যবসায়ীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুণ্ডুকে এ সময় ৩০ হাজার টাকা জরিমানাও করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাঈনুদ্দিন।
মাঈনুদ্দিন জানান, সদানন্দ কুণ্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিলেন। সোমবার রাত ৮টার দিকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় শাস্তি দেওয়া হয়েছে।
