কিশোরগঞ্জে মাছ ধরা ও জাল চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম।
স্থানীয়দের ভাষ্য, মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসার উদ্যোগ নেন।
সালিশে বসার আগেই গ্রামের একটি মাঠে দুপক্ষের লোকজন দা, বল্লম ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা জানান।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, “বিরোধ মীমাংসার জন্য আমি ইমামনগর গ্রামে গিয়েছিলাম। গণ্যমান্য ব্যক্তিরা বসার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সহযোগিতায় সংঘর্ষ থামানো হয়।”
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
