গাজীপুরে স্বর্ণ লুটের চেষ্টা, ছেলেসহ ব্যবসায়ী আহত
সোনিয়া জুয়েলার্সের মালিক মো. মানিক মিয়া প্রতিদিন দোকান শেষ করে স্বর্ণালংকার ও টাকা নিজ বাড়িতে নিয়ে যান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে ও হাতবোমা ফাটিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সাইফুল আলম।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, সফিপুর বাজারের সিটি মার্কেটের নিচ তলার সোনিয়া জুয়েলার্সের মালিক মো. মানিক মিয়া (৪৮) ও তার ছেলে সৌরভ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, মানিক মিয়া দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলায় স্বর্ণের ব্যবসা করছেন। প্রতিদিন তিনি দোকান শেষ করে স্বর্ণালংকার ও টাকা নিজ বাড়িতে নিয়ে যান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল মানিক মিয়া ও তার ছেলের উপর হামলা চালায়। তারা দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে মানিক মিয়ার হাতে থাকা স্বর্ণালংকারের ব্যাগ লুট করার চেষ্টা করে।
এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে মানিক মিয়া স্বর্ণালংকারের ব্যাগ নিয়ে দৌড়ে তার বাড়ির ভিতরে ঢুকে পড়তে সক্ষম হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ী মানিক তার বাড়ির কাছে পৌঁছামাত্রই ৫-৬ জনের ডাকাতদলটি হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়।”
এসআই মোহাম্মদ সাইফুল আলম জানান, ব্যবসায়ীর উপর হামলা চালালেও দুষ্কৃতকারীরা স্বর্ণালংকার লুট করতে পারেনি। ঘটনার পরপর দ্রুত তারা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
