চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা
‘আয়শা ব্রিক ফিল্ড’ এবং ‘মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে’ বুধবার বিকালে এ জরিমানা করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‘আয়শা ব্রিক ফিল্ড’ এবং ‘মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে’ বুধবার বিকালে এ জরিমানা করা হয়। একই সময় পানি মেরে ভাটা দুটির তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা প্রসাশন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় উপজেলার গল্লাক বাজার এলাকার আয়শা ব্রিক ফিল্ডকে দুই লাখ এবং গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিক দমকল বাহিনীর সহায়তায় ইট ভাটায় পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফরিদগঞ্জ থানার পুলিশের একটি দল এবং উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
