জয়পুরহাটে ৪ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘ধারাবাহিক মারধরের’ অভিযোগ
অভিযোগ ওঠা শিক্ষকরা পালিয়ে গেলেও অভিভাবকদের বিক্ষোভের মুখে পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামকে থানায় নিয়ে যায়।
জয়পুরহাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘ধারাবাহিক মারধরের’ অভিযোগ উঠেছে।
সর্বশেষ শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির আবাসিক শিক্ষার্থীদের ২২ জনকে লাঠিপেটা করার পর বিষয়টি জানাজানি হয় বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম।
জয়পুরহাট জেলা শহরের প্রফেসরপাড়া এলাকায় নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি নামের ওই প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে আবাসিক ও অনাবাসিক ব্যাচে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। পাশ্ববর্তী কয়েকটি জেলার অনেক শিক্ষার্থীও প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করতে আসে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষক আশিকুর রহমান, এমদাদ হোসেন, আবুল বাশার ও ওমর ফারুক ওরফে পিকে শিক্ষার্থীদের অমানবিক মারধর করে আসছিলেন।
এর মধ্যে গত শুক্রবার রাতে গান গাওয়া ও টেলিভিশন দেখার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আবাসিক শিক্ষার্থীদের ২২ জনকে লাঠিপেটা করেন তারা। পরে রাতেই এক শিক্ষার্থী পালিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
ওই অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানে এসে পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামকে অভিযোগ জানান । তখন অন্য শিক্ষার্থীরাও তাদের উপর দীর্ঘ দিন ধরে চলা অমানবিক ও ধারাবাহিক নির্যাতনের বিষয়টি তাদের পরিবারকে জানায়।
এভাবে ঘটনা জানাজানি হলে দেশের বিভিন্ন স্থান থেকে অভিভাবকরা রোবাবর বিকালে এসে নিজ সন্তানদের অমানবিক নির্যাতনের বর্ণনা দেন।
দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, “সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ এমদাদ স্যার এসে আমাকে বেদম মারধর করেন।”
একই শ্রেণির শিক্ষার্থী আল মোহনাদ সোয়াইব ও আনাম হাসান নবীন বলেন, একবার স্যার ক্লাসে ঢুকে ‘হু আর ইউ’ বলেই তাদের মারতে শুরু করেন। কেন মারা হলো তাও তারা জানতে পারেনি।
শিক্ষার্থী মোহাম্মদ সূর্য ও আতিকুর রহমান বলেন, এক বন্ধুর সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে তাদেরকেও পেটানো হয়েছে।
শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করে বলেন, “আমি বেতন কিছুটা কম দেই। এজন্য স্যার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন।”
শিক্ষার্থীদের অভিযোগ, এসব ব্যাপারে রবিউল ইসলামের কাছে অভিযোগ দিলেও তিনি শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক।
শিক্ষার্থী সূর্যের অভিভাবক রিভা পারভিনসহ অনেক অভিভাবক অভিযোগ করে বলেন, তাদের বাচ্চাদের শিক্ষকরা শাসন করতে পারেন কিন্তু ধারাবাহিক নির্যাতন মেনে নেওয়ার মত না। তারা খবর পেয়ে দ্রুত এসে দেখেন তাদের বাচ্চাদের শাসন নয়, হিংস্রতার সঙ্গে মারধর করা হয়েছে। প্রায়ই এভাবে নির্যাতন চলে।
তারা শিক্ষার্থী নির্যাতনের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগ ওঠা শিক্ষকরা পালিয়ে গেলেও অভিভাবকদের বিক্ষোভের মুখে পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামকে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তিনি বাসায় ফিরে যান বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি তামবিরুল ইসলাম।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।”
এ ব্যাপারে এ বিষয়ে ইউএনও রাশেদুল ইসলাম বলেন, “আঘাতকারীদের ঘটনাস্থলে গিয়ে না পাওয়ায় মোবাইল কোর্ট করা যায়নি। তবে প্রতিষ্ঠান প্রধান জড়িত শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করেছেন।”
তাছাড়া একটা তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে, প্রয়োজনে কমিটির সুপারিশে নিয়মিত মামলা করা যাবে বলে জানান তিনি।
