১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল শিক্ষকের মরদেহ

“নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 01:25 PM

Updated : 16 Sep 2026, 05:10 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত ৩৯ বছর বয়সী মাহমুদুন নবী সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।  

স্থানীয়রা বলছেন, রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সম্রাটের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

সোমবার সকালে বাড়ির পাশের মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সম্রাটের মরদেহ শনাক্ত করেন।

এসআই আনোয়ার বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।”