৮ বছর পর রাঙামাটিতে ছাত্রদলের কমিটি, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
রোববার সকাল ১১টার দিকে ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা রাঙামাটি শহরে বিক্ষোভ করেছেন।
২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদী রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় আট বছর পর নতুন কমিটি পেল জেলা ছাত্রদল।
শনিবার গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের ফেইসবুক পেইজে ঘোষিত রাঙামাটি জেলার আংশিক কমিটিতে স্থান পেয়েছেন ২৩ নেতা। কমিটি ঘোষণার পর রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানান বিতর্ক-সমালোচনা হয়।
পরে ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করে রোববার সকাল ১১টার দিকে ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা রাঙামাটি শহরে বিক্ষোভ করেছেন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের কারণে দুই থেকে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এ সড়কে।
মো. আলি আহাদকে সভাপতি এবং নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
এরমধ্যে সভাপতি মো. অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব এবং সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
নতুন কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ছাত্রদলের জেলা কমিটি ১৫১ সদস্যের হয়ে থাকে।
এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে। এ সময় তারা ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন।
সড়ক থেকে ছাত্রদল নেতাকর্মীদের সরাতে বারবার চেষ্টা করেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও সহসভাপতি সাইফুল ইসলাম পনির। তারা দুজন ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।
বিষয়টি ‘সমাধানের’ আশ্বাসের পর সড়ক ছাড়েন ছাত্রদল নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্যবিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মো. হেলিম মিয়া বলেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। চেয়েছিলাম একটি সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। যে কমিটি দিয়েছে তারা অনেকে বিবাহিত। যোগ্যদের কমিটিতে আনা হয়নি। অবিলম্বে এ কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি করতে হবে।”
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজরুল ইসলাম বলেন, “আমরা চেয়েছিলাম ছাত্রনির্ভর একটি সুন্দর কমিটি করব। যেখানে আমাদের ছাত্রদলের ত্যাগী ও দুঃসময়ের কাণ্ডারিদের মূল্যায়ন করা হবে। কিন্তু কেন্দ্র থেকে দেওয়া কমিটিতে ছাত্রনির্ভর ছাত্রদল হয়নি, বিপরীতে দেখা গেছে আংশিক কমিটির ৭০ শতাংশই বিবাহিত।
“আমরা চাই, জেলা ছাত্রদলের একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হোক। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ত্যাগী নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রাখবে।”
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন ঘোষিত কমিটির সভাপতি মো. অলি আহাদ বলেন, “আমরা দীর্ঘসময় বিরোধী দলে ছিলাম, আমাদের নেতাকর্মীরা সবাই দুঃসময়ের কাণ্ডারি। সবারই দলের জন্য ত্যাগ রয়েছে।
“এখন যেহেতু কমিটি হল, যেখানে তো সবাই সভাপতি-সাধারণ সম্পাদক হতে পারবেন না। তবে সবার যার যার জায়গা থেকে প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবাইকে নিয়ে কাজ করব। পূর্ণাঙ্গ কমিটিতে নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।”
জানতে চাইলে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে। আমি তাদের বুঝেয়েছি, নিজেদের পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে আমরা তো সড়ক অবরোধ করতে পারি না। সাধারণ মানুষের তো এখানে দায় নেই, আমরা তো তাদের কষ্ট দিতে পারি না। এরমধ্যে আমরা সরকারি দলেও আছি।
“তাদের বোঝানোর পর নেতাকর্মীরা সড়ক ছেড়েছেন। আর নতুন কমিটির গঠন নিয়ে আমি কেন্দ্রের সঙ্গে কথা বলেছি। আমাদের মন্ত্রী মহোদয় (দীপেন দেওয়ান) বিষয়টি দেখছেন। আশা করছি, এটার একটা সুন্দর সমাধান হবে।”
তবে এ বিষয়ে বক্তব্য জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবকে ফোন দিলে তিনি কিছুক্ষণ পর ফোন দেবেন বলে কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
