আশুগঞ্জে ইউএনওর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
দলটির কয়েক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর সঙ্গে বিএনপি নেতারা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জব্দ করা খননযন্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালের এ ঘটনায় বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে। আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের ছাগাইয়ার বাসিন্দা আহমদ আলী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার আমজাদ হোসেন।
ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, “মেঘনা নদীর ভৈরব প্রান্তে ইজারার নির্ধারিত সীমানার বাইরে এসে আশুগঞ্জের চর সোনারামপুর এলাকায় গভীর রাত থেকেই একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছিল। বৃহস্পতিবারও সেখান থেকে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছিল। তাদের বালি উত্তোলন করতে নিষেধ করা হয়েছিল।
“কিন্তু আবারো চক্রটি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত থেকে বালু উত্তোলন শুরু করে। খুব সকালে সেখানে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার, পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়।”
তিনি বলেন, “তখন বালু উত্তোলনের সঙ্গে জড়িত ভৈরবের তারেক মিয়ার নেতৃত্বে একটি দল স্পিডবোটে ঘটনাস্থল পৌঁছে আমাকে চার্জ করা শুরু করে। এক পর্যায়ে তারা দুর্ব্যবহারও করেছে। তারা জব্দ করা একটি ড্রেজার জোর করে ছিনিয়ে নিয়ে যান।”
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেক মিয়ার নেতৃত্বে সেখানে ভৈরব উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক শহীদুল হক ইমন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার ওয়ার্ড (৮ নম্বর ওয়ার্ড) যুবদলের সভাপতি রাজু আহমেদ, একই ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী জুম্মান মিয়া, উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রদলের নেতা নাহিদ মিয়া উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “মেঘনা নদীর ভৈরবের অংশ থেকে বালু উত্তোলন করছি আমরা। কিন্তু আশুগঞ্জের ইউএনও সকালে ভৈরব থেকে ড্রেজার ও বাল্ক হেড জব্দসহ দুইজনকে আটক করে জেল দিয়েছেন। আমার ছোট ভাই তারেকের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছে।”
ইউএনওর সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, “অনেক কিছু্ মুখে বলতে পারে।”
সন্ধ্যায় আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, বিকালে ইউএনওর গাড়িচালক জীবন মিয়া হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
আসামিরা হলেন- জীবন মিয়া (৩২), ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা তারেক মিয়া (৫০), উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার ওয়ার্ড (৮ নম্বর ওয়ার্ড) যুবদলের সভাপতি রাজু আহমেদ (৪০), ভৈরব উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক শহীদুল হক ইমন (৪২), ভৈরবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. লাদেন (২৮), একই গ্রামের বাসিন্দা মো. মানিক মিয়া (২৫), মো. মাসুদ মোল্লা (৩৮) এবং ভৈরবপুর উত্তরপাড়ার মো. সোহান মিয়া (৩৬)।
