গাইবান্ধায় নিখোঁজ যুবকের লাশ মিলল বিলে
বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের নয়াপাড়া এলাকায় দুধ কোমর বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান।
মৃত ৩৬ বছর বয়সী মিলন শেখ ওই গ্রামের দুলা শেখের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা বলছে, রোববার সন্ধ্যায় মিলন বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর সে বাড়ি ফেরে নাই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, স্থানীয় কয়েকজন কৃষক ওই এলাকায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিলের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এরপর স্বজনরা গিয়ে মিলনের পরিচয় সনাক্ত করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
