Published : 28 Jun 2026, 08:15 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তারপর শিক্ষককে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাওলানা মো. মুস্তাফিজুর রহমান ওরফে জিন্দার (৬০) উপজেলার ফুকুরা ইউনিয়নের সাফলীডাঙ্গা রহিমদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম।
মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার শিশুটিকে শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। প্রায় তিন মাস ধরে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন শিক্ষক।
মামলার বাদী বলেন, “ভয়ে শিশুটি এতদিন কাউকে কিছু বলেনি। আমি ওই শিক্ষকের বিচার চাই।”
কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শনিবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।