১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ওই বিএনপি নেতার দাবি, দোকানগুলো তাদের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 09:35 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ফরিদপুরের নগরকান্দায় তিনটি দোকান দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। 

এ ঘটনায় নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয়রা জানান, গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে থাকা পেঁয়াজ ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস, আব্দুল হালিম মিয়া ও মোশারফ হোসেন মাতুব্বরের দোকানঘর দখল করে তালা দেন উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. খায়রুজ্জামন মোল্যা। 

স্থানীয়রা কয়েক দফা মীমাংসা করে দিলেও দোকানের তালা খুলে দেননি খায়রুজ্জামান। 

গত ১৩ সেপ্টেম্বর থানায় আলাদা তিনটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত খায়রুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।   

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে রসুলপুর বাজারের খালপারে থাকা সরকারি জায়গা লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করে পেঁয়াজ-পাটের ব্যবসা করে আসছেন তারা। 

লিখিত অভিযোগ তারা বলেন, কিন্তু ৬ অগাস্ট দোকানের সামনে এসে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতা খায়রুজ্জামান মোল্যা তাদের দোকান থেকে বেরিয়ে যেতে বলেন। 

বের হতে না চাইলে তিনি গালাগাল করে চলে যান। 

পরে দোকান বন্ধ করে বাড়ি গেলে খায়রুজ্জামান এসে পাশাপাশি থাকা তিনটি দোকানে তালা মেরে দেন।

তবে তালা দেওয়া এসব দোকান নিজেদের বলে দাবি করেন মো. খায়রুজ্জামান মোল্যা। 

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের জায়গায় থাকা তিনটি দোকান দখল করে নেন স্থানীয় প্রভাবশালী ওই ব্যবসায়ীরা। আওয়ামী লীগের পতনের পর আমাদের জায়গা পুনরুদ্ধার করার জন্য এসব দোকানে তালা লাগিয়ে দিয়েছি।”

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “দখলদার ও চাঁদাবাজ দলীয় নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন আমাদের নেতা তারেক রহমান। 

“অতএব কোনো বিএনপি নেতার বিরুদ্ধে যদি চাঁদাবাজি ও কারো দোকান দখলের অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিএনপি নেতা খায়রুজ্জামানের বিষয়টি শুনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নগরকান্দা থানার ওসি মোহাম্মাদ সফর আলী বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকেছিল। 

“তবে ওই জায়গার সঠিক কাগজপত্র কেউ দেখাতে পারেননি। যে কারণে আমরা বাদী-বিবাদীকে কোর্টের মাধ্যমে বিষয়টির মীমাংসা করার জন্য পরামর্শ দিই।” 

“জায়গা-জমির ঝামেলা মীমাংসায় থানা পুলিশের তেমন কোনো ভূমিকা নেই,”  বলেন পুলিশের এ কর্মকর্তা।