২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর ওপর হামলা: গোপালগঞ্জে ৩৩০৬ জনের নামে মামলা

শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ অগাস্ট আওয়ামী লীগের মিছিল থেকে সেনাবাহিনীর ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 07:00 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

গোপালগঞ্জে সেনা সদস্যদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০৬ জনের নামে মামলা হয়েছে।

এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় তিন হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

মামলায় বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ অগাস্ট বিকাল ৫টায় ঢাকা-খুলান মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গোপালগঞ্জের নেতাকর্মীরা।

একপর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি, ফুকরা, সদর উপজেলার দালালাবাদ ও গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে মহড়া ও সমাবেশ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেন। এতে আন্দোলনকারীরা সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে তারা সেনা সদস্যদের ওপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর চার কর্মকর্তাসহ নয়জন আহত হয়। এ ছাড়া আন্দোলনকারীরা সেনাবাহিনীর দুটি অস্ত্র (রাইফেল), ছয়টি ম্যাগজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি ভাঙচুর করে।

পরে ঘটনার দিন বিকালে একটি অস্ত্র এবং পরদিন অপর অস্ত্রসহ তিনটি ম্যাগজিন উদ্ধার করে সেনাবাহিনী।

ঘটনার ১২ দিন পর সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ দলটির ১০৬ জন নেতাকর্মী ও সমর্থকের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় তিন হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, মামলার পর তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুন:

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৭

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা: কোটালীপাড়ায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ

সেনার গাড়িতে হামলা: গোপালগঞ্জ আওয়ামী লীগের দুঃখ প্রকাশ