২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভুয়া এসবি কর্মকর্তা আটক

আটক যুবকের কাছ থেকে চারটি ভুয়া পরিচয়পত্র, একটি ওয়াকিটকি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, বলেন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি।

বরিশালে ভুয়া এসবি কর্মকর্তা আটক
অভিষেক ওরফে সোম অভি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 07:26 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বরিশাল নগরী থেকে পুলিশের বিশেষ শাখা-এসবির কর্মকর্তা পরিচয় দেওয়া যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানিয়েছেন। 

আটক অভিষেক ওরফে সোম অভি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা। 

তিনি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনে ভাড়াটিয়া।  

ওসি জাকির শিকদার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড ইছাকাঠি শাহ পরাণ সড়কে একটি খাবার হোটেলের সামনে অবস্থান নেন সোম অভি। ওই এলাকায় নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে এসেছেন বলে দাবি করেন।  

পরে তার তালিকায় থাকা দুজনকে ডেকে এনে টাকার বিনিময়ে  নাম বাদ দেওয়ার কথা বলেন। 

ওসি বলেন, তখন সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করলে পরিচয়পত্র এবং ওয়াকিটকি প্রদর্শন করেন অভি। কিন্তু সন্দেহ দূর না হওয়ায় ওই দুজন থানায় ফোন দিয়ে তাকে বিষয়টি জানান। 

থানা থেকে পুলিশ গিয়ে সোম অভিকে আটক করে জানিয়ে ওসি বলেন, “ওই যুবকের কাছ থেকে স্পেশাল ব্রাঞ্চের তিনটি ও থানা পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা করে আসামিকে আদালতে পাঠানো হবে বলে ওসি জাকির শিকদার তথ্য দিয়েছেন।