নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা
সভায় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করতে সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় আয়োজিত এক শিক্ষার্থী সমাবেশ থেকে এ ঘোষণা আসে।
সকাল থেকেই নাটোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগ দিতে শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সমাবেশে যোগ দেন অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও।
বক্তব্য দেন শিক্ষার্থী রনি, সমন্বয়ক শিশির মাহমুদ, ইসাহাক, মুসা, জনি, সাংবাদিক নাজমুল হাসান ও শিক্ষক-অভিভাবকরা।
শিক্ষার্থীরা বলেন, “আজ থেকে, এখন থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কোনো সমন্বয়কও নেই। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো দল নেই; সবাই সাধারণ শিক্ষার্থী।”
তারা বলেন, “এ আন্দোলনে কারও অবদানই কম নয়, সবারই অবদান রয়েছে। এখন থেকে অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। সবাই মিলে নতুন বাংলাদেশ সংস্কার করতে হবে।”
বক্তারা আরও বলেন, “দেশের জন্য তাজা রক্ত দিয়ে, ভাই-বোনের জীবন উৎসর্গ করে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। আন্দোলন সফল হয়েছে, আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘরে ফিরেছি।”
গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও না হওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিক নাজমুল হাসান বলেন, “নাটোরের সর্বস্তরের গণমাধ্যমকর্মী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন। কোটা আন্দোলনের শিক্ষার্থীরা যেন সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ না করেন; ভবিষ্যতে সহযোগিতা যেন অব্যাহত রাখেন।”
সভায় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করতে সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
